তাহলে কি যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রেম করছেন? অনলাইনে তাঁদের একটি ছবি ভাইরাল হওয়ার পর অনেকে এ প্রশ্ন তুলেছেন।
গত মঙ্গলবার নিউইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেলোনি ও মাস্কের দেখা হয়। ভাইরাল হওয়া ছবিটি ওই অনুষ্ঠানেরই, যেখানে মেলোনির প্রশংসা করে তাঁকে ‘খাঁটি, সৎ এবং সত্যবাদী’ বলে উল্লেখ করেন মাস্ক। তিনি বলেন, সব রাজনীতিবিদদের বিষয়ে এমন মন্তব্য করা সব সময় সম্ভব হয় না।
এ বছর মেলোনি আটলান্টিক কাউন্সিল গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ডে সম্মানিত হন, যার পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন ইলন মাস্ক। সেই সময় মাস্ক বলেন, "এমন একজন ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিতে পারা সম্মানের, যিনি বাইরে যেমন সুন্দর, ভেতরেও তেমনই মুগ্ধ করার মতো।" মেলোনির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা প্রকাশ করে তিনি আরও বলেন, তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে অসাধারণ দায়িত্ব পালন করছেন।
আটলান্টিক কাউন্সিল জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতি মেলোনির দৃঢ় সমর্থন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ মাস্কের মালিকানায় থাকা প্ল্যাটফর্মে মেলোনি মাস্ককে তাঁর বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। এর পরপরই ‘টেসলা ফ্যান ক্লাব’ নামে একটি গ্রুপ তাঁদের একটি ছবি পোস্ট করে মন্তব্য করে, “আপনার কি মনে হয় তাঁরা প্রেম করছেন?”
ওই পোস্টের জবাবে নিজেই উত্তর দেন মাস্ক, বলেন, “তাঁরা প্রেম করছেন না।”
২০২২ সালে মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং ২০২৩ সালে টেলিভিশন সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টানেন। তাঁদের একটি মেয়ে রয়েছে।

0 Comments